Maa tara templeLifestyle 

কালীপুজোয় অধিক রাত অবধি খোলা থাকবে তারাপীঠ মন্দির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এ বছর কালীপুজোর দিন অনেক রাত অবধি খোলা থাকবে তারাপীঠ মন্দির। ওইদিন তারা মাকে কয়েক ভরি সোনা-রুপোর গয়না এবং ডাকের সাজে পুজো করা হবে। এ বছর শনিবার অমাবস্যার তিথিতে কালীপুজো। পরের দিন রবিবার সম্পূর্ণ ছুটি। সে কারণে মন্দির কমিটি আশাবাদী যে, কালীপুজোর রাতে মাকে পুজো দিতে বিপুল সংখ্যক ভক্ত সমবেত হবেন।

মন্দির কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, কালীপুজোর রাতে তারা অঙ্গে মা কালী পূজিত হবেন।। আবার মঙ্গলারতি হবে সকালে স্নানের পরে। এক্ষেত্রে আরও জানা যায়, সন্ধ্যারতির পরে মাকে শীতল ভোগ দেওয়া হবে। তারপরে রাতেই পুজো শুরু হবে। পুজো চলাকালীন আবার মায়ের আরতি ও বিশেষ ভোগ দেওয়া হবে। এর মধ্যে খিচুড়ি, পাঁঠার মাংস, মাছ, পাঁচ প্রকার ভাজা, টক, পায়েস এবং মিষ্টান্ন প্রভৃতি রয়েছে। দু’বার মায়ের অন্নভোগ দেওয়াও হবে।

মন্দির কমিটি সূত্রের আরও খবর, শনিবার অমাবস্যার তিথি নিয়মিত পড়ে না। এবার অমাবস্যার তিথি শনিবার সকাল ১১টা ৪৪ মিনিটে শুরু হচ্ছে। এটি রবিবার সকাল ১১টা ২০ মিনিট অবধি থাকবে। তাই আশা করা যাচ্ছে এই বিশেষ তিথিতে পুজো দিতে ব্যাপক ভক্ত সমাগম হবে। তাই গভীর রাত অবধি মন্দির উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যদিকে ট্রেন চলাচল স্বাভাবিক হলে ভক্তের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
মন্দির কমিটির পক্ষ থেকে জানা যায়, করোনার আবহে ভক্তদের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য বিশেষ মনোযোগ দেওয়া হবে। মন্দিরের নিরাপত্তাকর্মী ছাড়াও তারাপীঠ থানার পুলিশ ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত থাকবেন। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারিও চালানো হবে।

Related posts

Leave a Comment